মাদরাসায় ফিরতে চাইছিল না ইয়ামিন, ফেরার পরই ছাদ থেকে পড়ে মৃত্যু
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদরাসার ছাদ থেকে পড়ে মো. ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে রাত সোয়া ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মাদসার শিক্ষক মো. ফেরদৌস আহমেদ জানান, নিহত ইয়ামিন পশ্চিম জুরাইনে মাদরাসায় হেফজ বিভাগে পড়শোনা করতো। তার বাসা কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। তারা বাবার নাম রফিকুল ইসলাম।
এই শিক্ষক আরও জানান, গত বুধবার মাদরাসার ছুটির পর সে বাসায় চলে যায়। এরপর আর মাদরাসায় আসেনি। ইয়ামিন মাদরাসায় আসতে চাচ্ছিল না দেখে তার বাবা মোবাইল ফোনে তাকে বাসা থেকে বুঝিয়ে মাদরাসায় নিয়ে যেতে বলেন। তবে ইয়ামিনকে আনতে যাননি কেউ। রাত সাড়ে ৯টার দিকে ইয়ামিনের নানি তাকে মাদরাসায় দিয়ে যান। তবে এর কিছুক্ষণ পর কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায় সে।
এরপর ইয়ামিন মাদরাসার ছাদ থেকে অসবধানতাবসত ওপর থেকে নিচে পড়ে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএজেডআইএ/এমআইএইচএস
