জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান। সেখানে ফাতেহা পাঠের পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি দোয়া ও মুনাজাতে অংশ নেন।
কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতিতে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীরা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য-উদ্দেশ্য স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
দলের পক্ষ থেকে বিএনপি প্রতিষ্ঠার পেছনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নকে অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়। দলটির ভাষ্য অনুযায়ী, দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সময়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৯টায় তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দলটি। আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি পোস্টার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও পালন করবে বিএনপি।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দীন চৌধুরী এ্যানির।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিএনপির জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিট নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিতে দলটির প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মুনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে যখন নানা আলোচনা চলছে, ঠিক এমন সময় দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এবারের কর্মসূচিতে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা এবং বিএনপির প্রায় পাঁচ দশকের পথচলা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
রোহান/সা.এ.
