কাউকে তেল রপ্তানি করতে দেব না: ইরান
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ কঠিন সামরিক জবাব দেওয়ার স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছে ইরান। একইসঙ্গে দেশটি বলেছে, তারা হরমুজ প্রণালি দিয়ে কাউকে তেল রপ্তানি করতে দেবে না। মঙ্গলবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এই হুমকি দিয়েছেন।
গালিবফ জানিয়েছেন, মার্কিন বাহিনী কৌশল খাটিয়ে হরমুজ প্রণালি দিয়ে কিছু জাহাজ বের করতে পারলেও পুরো এলাকার মূল নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতেই রয়েছে। যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে নিরাপত্তার ভুয়া আশ্বাস দিয়ে হরমুজ প্রণালির দক্ষিণের পথ দিয়ে চালানোর চেষ্টা করছে, যা আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। ইরান এই চেষ্টা যেকোনো মূল্যে ব্যর্থ করে দেবে।
তিনি বলেন, “আমেরিকা সমঝোতা স্মারক লঙ্ঘন করে হরমুজ প্রণালির দক্ষিণ পথ ব্যবহার করতে চায় এবং আমরা তা হতে দেব না।”
ইরানের পার্লামেন্ট স্পিকার জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ একটি সামরিক পদক্ষেপের শামিল এবং এটি আরো তীব্র হলে তেহরান সামরিকভাবে জবাব দেবে।
তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্রের মনে হয়, আমাদেরকে উপসাগর দিয়ে তেল রপ্তানি করতে দেবে না, তবে কেউই তেল রপ্তানি করতে পারবে না।”
