মাসাতো কানদা ফের এডিবি প্রেসিডেন্ট নির্বাচিত
দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য ফের এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাপানের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ অর্থমন্ত্রী মাসাতো কানদা।
এডিবির ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার বোর্ড অব গভর্নরসের সদ্য সমাপ্ত নির্বাচনে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য মাসাতো কানদা প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন। আগামী ২৪ নভেম্বর থেকে তার নতুন পাঁচ বছর মেয়াদের কার্যকাল শুরু হবে।
মাসাতো কান্দা ২০২৪ সালের ২৭ নভেম্বর এডিবির ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি এডিবির তৎকালীন প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হন।
এডিবি বলছে, মাসাতো কানদা দায়িত্ব নেওয়ার পর থেকে পরপর ঘটে যাওয়া বিভিন্ন সংকটের মধ্যেও তিনি সংস্থার সদস্য দেশগুলোতে সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন। ২০২৫ সালে এডিবি রেকর্ড প্রায় সাড়ে ৪ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে, যার মধ্যে ব্যাংকের নিজস্ব তহবিল থেকেই ২৯০০ কোটি ডলারেরও বেশি এবং প্রায় ১৫০০ কোটি ডলারের যৌথ অর্থায়ন অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া মাসাতো কানদার মেয়াদেই এডিবি সনদে একটি ঐতিহাসিক সংশোধনীর মাধ্যমে সংস্থার বার্ষিক অর্থায়ন সক্ষমতা ৫০ শতাংশ বৃদ্ধির পথ প্রশস্ত হয়। এর ফলে এডিবির নিজস্ব সম্পদ থেকে বার্ষিক অর্থায়ন ৩৬০০ কোটি ডলার অতিক্রম করে।
প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাসাতো কানদা বলেন, এশীয় অঞ্চলে ইতিহাসের এই সংকটময় মুহূর্তে সদস্য দেশগুলো আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি সম্মানিত বোধ করছি। আগের ধাক্কা বা সংকট সামলে অর্থনৈতিক পুনরুদ্ধার হওয়ার আগেই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন নতুন আঘাত আসছে। গত কয়েক প্রজন্মের মধ্যে বর্তমানে বিশ্বব্যবস্থা সবচেয়ে কঠিন চাপের মুখে আছে। এমন সময়ে এডিবিকে এ অঞ্চলের জন্য স্থিতিশীলতার মূল ভিত্তি বা আস্থার প্রতিষ্ঠান হতে হবে। তবে স্থিতিশীলতা মানে এক জায়গায় থমকে থাকা না। এ অঞ্চলের মানুষকে রক্ষা করতে এবং আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সাহায্য করতে আমাদের সদস্যদের চাহিদানুযায়ী দ্রুততার সাথে ও বৃহৎ পরিসরে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অভিজ্ঞ অর্থনীতিবিদ ও আমলা হিসেবে মাসাতো কানদার সুনাম রয়েছে। এডিবিতে যোগ দেওয়ার আগে তিনি ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ছিলেন। এছাড়া ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির আন্তর্জাতিক বিষয়ক উপ অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়া তিনি বিশ্বের সাত প্রধান উন্নত অর্থনীতির দেশের অনানুষ্ঠানিক জোট জি৭ এবং প্রধান উন্নত ও উদীয়মান অর্থনীতিগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম জি২০-সহ প্রধান আন্তর্জাতিক ফোরামগুলোতে জাপানের প্রতিনিধিত্ব করেছেন।
এডিবি একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধিকে সহায়তা দিয়ে থাকে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ সংস্থার সদস্য সংখ্যা ৬৯; যার মধ্যে ৪৯ সদস্যই এশীয় অঞ্চলের।
বাংলাদেশ জার্নাল/সিএম
