সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’
‘সুরসম্রাজ্ঞী’ বললে কি তাকে কম বলা হয়? কেউ বলেন বাংলার কোকিলকণ্ঠী, কেউবা মিষ্টি গায়িকা। অভিধা যাই হোক, বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে নিজের সুরেলা কণ্ঠের জাদুতে অনন্য এক জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন সাবিনা ইয়াসমিন। বিশেষ করে চলচ্চিত্রের প্লেব্যাকে তার অবদান অনস্বীকার্য। দেশের চলচ্চিত্রের অসংখ্য নায়িকার ঠোঁটে শোনা গেছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠ। কবরী থেকে শুরু করে বর্তমান সময়ের অপু বিশ্বাস, বুবলীসহ বিভিন্ন প্রজন্মের নায়িকাদের অভিনয়ে তার কণ্ঠে গীত হয়েছে অসংখ্য গান। সব মিলিয়ে হাজার হাজার গান গেয়ে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন এই কিংবদন্তি শিল্পী।
বরেণ্য এই শিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘শুধু গান গেয়ে পরিচয়’। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের বর্ণাঢ্য সংগীতজীবনের পাশাপাশি উঠে এসেছে তার শিল্পী হয়ে ওঠার গল্প, শৈশবের স্মৃতি, পরিবার এবং বাবা-মায়ের সঙ্গে জড়িয়ে থাকা নানা অজানা অধ্যায়।
সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে আলাপচারিতায় সাবিনা ইয়াসমিন ফিরে দেখেছেন তার জীবনের গুরুত্বপূর্ণ নানা অধ্যায়। কীভাবে সংগীতের ভুবনে তার পথচলা শুরু, কোন পরিবেশ তাকে শিল্পী হিসেবে গড়ে তুলেছে এবং দীর্ঘ সংগীতজীবনের নানা স্মৃতি—সবকিছুই উঠে এসেছে এই বিশেষ আয়োজনে।
শুধু গান নয়, একজন কিংবদন্তি শিল্পীর জীবন ও সৃষ্টির নেপথ্যের গল্প জানার সুযোগ করে দেবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ অনুষ্ঠানটি।
চ্যানেল আইতে অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ৪ সেপ্টেম্বর, রাত ১০টা ২০ মিনিটে। আগামী ৫ সেপ্টেম্বর, বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানটির পুনঃপ্রচার হবে।
