১৩ টাকা কমিয়ে এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ


সেপ্টেম্বর মাসের জন্য রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দর বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেপ্টেম্বরের জন্য বেসরকারি এলপিজির দাম খুচরা পর্যায়ে মূসকসহ প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। অগাস্টে এই দাম ছিল ১৩৩ টাকা ১৫ পয়সা। সে হিসাবে প্রতি কেজিতে দাম কমেছে ১ টাকা ৩ পয়সা।

সেপ্টেম্বরের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩০০ টাকা এবং ৩০ কেজির ৩ হাজার ৯৬৪ টাকা করা হয়েছে।
৩৩ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে ৫৮ পয়সা কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ দাম প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি লিটার শূন্য দশমিক ২৮ টাকা বা প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা করা হয়েছে।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকোর সেপ্টেম্বর মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্ট প্রাইস বা সৌদি সিপি অনুযায়ী নতুন দাম সমন্বয় করা হয়েছে।

সেপ্টেম্বরে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৫ ডলার এবং বিউটেনের ৬৬০ ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার বিবেচনায় নেওয়া হয়েছে।

অগাস্টে প্রোপেনের সৌদি সিপি ছিল প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের ৬৪০ ডলার। ওই মাসে গড় সৌদি সিপি ধরা হয়েছিল প্রতি মেট্রিক টন ৬৩৩ ডলার। সে হিসাবে সেপ্টেম্বরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ১৪ দশমিক ৭৫ ডলার বেড়েছে।

তবে সেপ্টেম্বরের মূল্য সমন্বয়ে এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম প্রতি মেট্রিক টন ১৬০ ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা ৩০ পয়সা বিবেচনায় নিয়েছে বিইআরসি।

অগাস্টে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম ধরা হয়েছিল প্রতি মেট্রিক টন ১৮০ ডলার। আর প্রতি ডলারের গড় বিনিময় মূল্য বিবেচনায় নেওয়া হয়েছিল ১২৩ টাকা ৬৯ পয়সা। সরকারি এলপিজির দাম এবারও অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।

এর আগে অগাস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। ওই মাসে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭৩ টাকা ৬৭ পয়সা করা হয়েছিল।

তার আগে জুলাইয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছিল। অটোগ্যাসের দাম তখন লিটারপ্রতি ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়।

জুনে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করেছিল বিইআরসি।

এর আগে ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। সে হিসাবে এপ্রিলে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৯৯ টাকা বেড়েছিল। এরপর জুন ও জুলাইয়ে দুই দফায় মোট ৪১২ টাকা কমে। অগাস্টে ৭০ টাকা বাড়ার পর সেপ্টেম্বরে কমল ১৩ টাকা।

বিইআরসি বলেছে, এলপিজি মজুদ ও বোতলজাতকরণ, পরিবেশক এবং খুচরা বিক্রেতাসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *