পুনর্বাসনের দাবিতে টঙ্গীরে মহাসড়কে বস্তিবাসীর বিক্ষোভ
পুনর্বাসনের ব্যবস্থা না করে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছেন টঙ্গীর বস্তিবাসীরা। ‘আগে পুনর্বাসন, পরে উচ্ছেদ’-এমন দাবি সামনে রেখে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
আন্দোলনকারীদের অবস্থানের কারণে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মুহূর্তেই সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। প্রায় এক ঘণ্টা পর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হলে বস্তিবাসীরা সড়ক ছেড়ে চলে যান। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
স্থানীয়রা জানান, সকালেই টঙ্গী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন হাজী মাজার বস্তির বাসিন্দারা। মিছিলটি স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে শেষ হয়। পরে সড়কে অবস্থান নিয়ে উচ্ছেদের প্রতিবাদ জানাতে থাকেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, বস্তিতে বসবাসকারী কয়েকজন মাদক কারবারির কর্মকাণ্ডকে কেন্দ্র করে পুরো বস্তির বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছে। অথচ উচ্ছেদের আগে সাধারণ মানুষের পুনর্বাসনের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে একসঙ্গে বহু পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
বস্তিবাসীদের ভাষ্য, তারা অপরাধীদের পক্ষ নিচ্ছেন না, বরং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সহযোগিতা করতেও তারা প্রস্তুত। কয়েকজনের অপরাধের দায় পুরো বস্তির সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আন্দোলনকারীদের দাবি, স্থায়ী পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আগের জায়গায় বসবাসের সুযোগ দিতে হবে। পাশাপাশি বিকল্প আবাসনের ব্যবস্থা করে, এরপর নিয়মতান্ত্রিকভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, “আমরা বস্তিবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।”
