মিয়ানমারে পাচারের সময় ১১ টন সারসহ ৩ জন আটক


চট্টগ্রামের হালিশহরে মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা হয়।

সাব্বির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস চট্টগ্রামের একটি দল দবিরখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তর করছিল পাচারকারীরা। তখন তাদের আটক করা হয়।

অভিযানে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা বা ১১ হাজার কেজি সার এবং পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আটক তিন পাচারকারী, জব্দ করা সার ও ট্রাক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *