আশুলিয়ায় একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার


সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ, নারী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে তাদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি।

শুক্রবার রাতে দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ আগস্ট বাসাটিতে নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠেন ওই নারী ও পুরুষ। তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন।

প্রতিবেশীরা জানান, বাসাটির দরজা-জানালা প্রায় বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষটি থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে ভেতর থেকে অর্ধগলিত মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম কাজ শুরু করেছে। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন, নিহতদের পরিচয় নিশ্চিতে একাধিক দল কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে। পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।

বাংলাদেশ জার্নাল/জে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *