টানা ৩ ম্যাচে জয়হীন পিএসজি, লিগের শীর্ষে মোনাকো


ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইসের ছোঁয়ায় বদলে গিয়েছে ফ্রেন্স লিগ ওঁয়া’র ক্লাব এএস মোনাকো। এই মৌসুমে এখন পর্যন্ত একমাত্র ক্লাব হিসেবে তাদের লিগে শতভাগ জয়। আর শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মোনাকোর ছোবলে কাটা পড়ল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার স্বপ্নে দারুণভাবে শুরু করলেও ফ্রেঞ্চ লিগে যেন কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছে না প্যারিস সেন্ট জার্মেই। রেনের মাঠে ২-২ ড্র, লিলের বিপক্ষেও একই ফল। এবার ঘরের মাঠে এগিয়ে গিয়েও মোনাকোর কাছে ২-১ গোলে হেরে গেল ফরাসি চ্যাম্পিয়নরা।

পার্ক দে প্রিন্সেসে শুরুটা অবশ্য পিএসজির পক্ষেই ছিল। ৩১ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ক্রস থেকে অধিনায়ক মার্কিনিওসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মনে হচ্ছিল, এবার বুঝি মৌসুমের প্রথম জয়টি ধরা দেবে।

কিন্তু দ্বিতীয়ার্ধেই বদলে যায় ম্যাচের গল্প। ৫৮ মিনিটে পিএসজির রক্ষণে তৈরি হওয়া অস্থিরতার সুযোগ নিয়ে সমতা ফেরান নাজিনহো। এরপর ৭২ মিনিটে স্টানিস ইদুম্বোর দুর্দান্ত শটে এগিয়ে যায় মোনাকো।

শেষ দিকে মরিয়া হয়ে গোলের চেষ্টা করেছে পিএসজি। কিন্তু একদিকে অফসাইডের কারণে ফেরান তোরেসের গোল বাতিল হয়েছে, অন্যদিকে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে উসমান দেম্বেলের দারুণ এক প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন মোনাকোর গোলরক্ষক লুকাস হারাদেস্কি।

লিগে মোনাকো টানা তৃতীয় ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি পিএসজির বিপক্ষেও টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। ৩ ম্যাচে শতভাগ জয় নিয়ে তারা এখন লিগের শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা লিয়ঁ ও লিলের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। তাদের এই পারফরম্যান্সের মূল কারিগর তাদের ব্রাজিলিয়ান কোচ ফিলিপে। দুই মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৭টি শিরোপা জেতানোর পর, ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলো তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত এই ৪১ বছর বয়সী কোচ মোনাকোকে বেছে নিয়েছেন। 

তবে, পিএসজির অবস্থা বেশ অস্বাভাবিক। তিন ম্যাচ শেষে দুই ড্র ও এক হারে মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ এখন তারা অবস্থান করছে টেবিলের ১২ নাম্বারে। 

ম্যাচের আগে অবশ্য পিএসজি শিবিরে ছিল স্বস্তির খবর। দুইবারের চ্যাম্পিয়নস লিগজয়ী কোচ লুইস এনরিকে ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফাবিয়ান রুইজ ও জোয়াও নেভেসসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও নতুন চুক্তিতে সই করেছেন।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *