ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে কেন আবার হামলা চালাতে চায় যুক্তরাষ্ট্র, কী আছে সেখানে
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে পিকঅ্যাক্স পর্বত অন্যতম গুরুত্বপূর্ণ। এতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। সেখানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগির’ ইরানের এই ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে।
ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত পিকঅ্যাক্স পর্বতের স্থানীয় নাম কুহ-ই কোলাং গাজলা। এটির অবস্থান রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে।
পাহাড়টির গভীরে শক্ত গ্রানাইটের কয়েক শ মিটার নিচে স্থাপনা তৈরি করা হয়েছে বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয়, মূল কক্ষগুলো অন্তত ১০০ মিটার গভীরে।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইটের ছবি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে, পিকঅ্যাক্স পর্বতের পারমাণবিক কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। তবে পশ্চিমা বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ইরানের পরিচিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা থেকেই পাহাড়ের ভেতরে এই অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি তৈরির পরিকল্পনা করা হয়ে থাকতে পারে।
ইরান বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।
