কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি 


ভারতে পাচার হওয়া দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ভারতফেরত ব্যক্তিরা হলেন— মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস মন্ডল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বাছার। তারা নড়াইল, রাজবাড়ি, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানিয়েছেন, ভালো কাজের আশায় দালাল চক্রের খপ্পরে পড়ে দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে ভারতে যান। সেখানে তারা বিভিন্ন বাসায় এবং ক্ষেত-খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। এর পর কারাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানিয়েছেন, ভারতফেরত ব্যক্তিদের শেল্টার হোমে রাখার পর তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *