তরুণ নির্মাতাদের জন্য শিল্পকলার বিশেষ আয়োজন, চার নির্মাতার মাস্টারক্লাস


বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা ও প্রশিক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে বর্তমান সময়ের সফল চলচ্চিত্র নির্মাতাদের পরিচালনায় মাস্টারক্লাস আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

বর্তমান সময়ের আলোচিত ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’ ও ‘প্রেসার কুকার’-এর পরিচালক রায়হান রাফি; ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’-এর পরিচালক তানিম নূর; ‘রইদ’ ও ‘হাওয়া’-এর পরিচালক মেজবাউর রহমান সুমন এবং ‘দেলুপি’, ‘সাটিকাপ’, ‘সিনপাট’-এর পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম মাস্টারক্লাসগুলো পরিচালনা করবেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী এবং তরুণ চলচ্চিত্র নির্মাতারা এই মাস্টারক্লাসে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি মাস্টারক্লাস এক দিনব্যাপী অনুষ্ঠিত হবে। অর্থাৎ, চার দিনে চারজন নির্মাতা চারটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

মাস্টারক্লাসগুলোতে চারজন নির্মাতা তাঁদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণার্থীদের চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত করবেন। উল্লেখিত নির্মাতারা নিজেদের চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ায় যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং সেসব মোকাবিলায় যা কিছু করেছেন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করবেন।

এর মাধ্যমে তরুণ নির্মাতারা তাঁদের নিজেদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পাবেন।

এই মাস্টারক্লাসে অংশগ্রহণে আগ্রহীরা তাঁদের নাম, সিভি/বায়ো-ফিল্মোগ্রাফি, নির্মিত চলচ্চিত্রের প্রিভিউ লিংক এবং মোবাইল নম্বরসহ আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রশিক্ষণ বিভাগের পরিচালক বরাবর আবেদন করতে পারবেন।

আবেদন পাঠানোর হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৩৩৪৯২৯৬১।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *