ক্রসফায়ারের ভয়ে বাড়ি ছাড়েন টিপু, তাঁকে ধরে নিয়ে হত্যা করা হয়: ট্রাইব্যুনালে স্ত্রীর জবানবন্দি
ক্রসফায়ারের ভয়ে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালের আগৈলঝাড়ার বাড়ি ছেড়েছিলেন টিপু হাওলাদার। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুই দিন পরই রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাঁকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এর এক দিন পর টেলিভিশনের খবরে স্ত্রী জানতে পারেন, তাঁর স্বামীকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ মঙ্গলবার এ কথা বলেন টিপু হাওলাদারের স্ত্রী সুমা আক্তার। ২০১৫ সালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ২০তম সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন।
২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি ক্রসফায়ারের শিকার হন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
