বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আন্তরিক: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সবসময় ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে ভারত অত্যন্ত আগ্রহী ও আন্তরিক বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ এবং উভয় দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সচিবালয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎকোলে দীনেশ ত্রিবেদী এ আশাবাদের কথা বলেছেন।
সাক্ষাৎকালে ভারতের হাই কমিশনার মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। বৈঠকে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ ও ভারত ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে সম্পর্ক আরও ইতিবাচক ও ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে। দুই দেশের জনগণ যাতে পারস্পরিক সহযোগিতার সুফল পায়, সে লক্ষ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে বাংলাদেশ আন্তরিক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে।
জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে সবসময় ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে ভারত অত্যন্ত আগ্রহী এবং আন্তরিক। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ এবং উভয় দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সম্পর্ক আরও জোরদার হবে।
সাক্ষাৎকালে হাই কমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক যোগাযোগ ও জনগণের মধ্যে পারস্পরিক বন্ধনের বিষয়টি তুলে ধরেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদে বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/সিএম
