ভারতে শিক্ষক দিবসে খাওয়াদাওয়ায় নাম না থাকায় প্রধানশিক্ষককে ছাত্রদের মারধর
ভারতে শিক্ষক দিবসের ভূরিভোজকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা ও সংঘাতের সাক্ষী হলো জলপাইগুড়ি জেলা স্কুল। শিক্ষার্থীদের হামলায় কপাল ফেটে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েছেন স্কুলের প্রধানশিক্ষক ধর্মচাঁদ বারুই।
গত শনিবার শিক্ষক দিবস থাকলেও মঙ্গলবার উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল।
ঘটনার সূত্রপাত দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষোভকে কেন্দ্র করে। তাদের অভিযোগ, ভোজের আয়োজনে দশম শ্রেণির ছাত্রদের জন্য কোনো খাবারই ধরা হয়নি। এ নিয়ে শিক্ষকদের কাছে ক্ষোভ জানাতে গেলে আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, একদল ছাত্র কথা-কাটাকাটির একপর্যায়ে সরাসরি প্রধানশিক্ষকের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর শুরু করে।
হামলায় প্রধানশিক্ষকের মাথা ও কপাল ফেটে গিয়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। আহত শিক্ষককে উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের গাড়ি আটকে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জখম প্রধানশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলা স্কুলে এমন সহিংস ঘটনায় চরম ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। হামলায় যুক্ত শিক্ষার্থীদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
