মা হতে যাচ্ছেন অভিনেত্রী নাফিজা
অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন লাক্স তারকা অভিনেত্রী নাফিজা জাহান। বিয়ে করে সেখানে সংসার পেতেছেন। এবার জানা গেল—মা হতে যাচ্ছেন ‘৪২০’খ্যাত এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পরে ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন নাফিজা নিজেই।
যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। সামাজিক যোগাযোগমাধ্যমে নাফিজার বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে স্বামীসহ দেখা যায় নাফিজাকে। বেবি শাওয়ার উপলক্ষে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন—মডেল-অভিনেত্রী মোনালিসা, নোভা ফিরোজ, চিত্রনায়ক কাজী মারুফ, আদনান ফারুক হিল্লোল, ছোটপর্দার অভিনেতা জোভান প্রমুখ।
এক ফ্রেমে নাফিজা জাহান, মোনালিসা, মৌসহ অন্যরা
গর্ভকালীন এই সময়ে মাকে ভীষণ মিস করছেন নাফিজা জাহান। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী বলেন, “এই সময়টাতে না কি কতজনের কত রকমেরই ইচ্ছে হয়, আর এটাই না কি স্বাভাবিক। কিন্তু আমার ইচ্ছে আমার মা…। ইসস! যদি একটু পাশে পেতাম। আম্মু, তোমাকে খুব মনে পড়ছে।”
নাফিজার মা হতে যাওয়ার খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগী ছাড়াও তার সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী রোজী সিদ্দিকী লেখেন, “অনেক অনেক দোয়া তোর জন্য।” কাজী শিলা লেখেন, “অনেক অনেক শুভকামনা।” এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
বেবি শাওয়ার অনুষ্ঠানে নাফিজার সঙ্গে মোনালিসা, মৌ, হিল্লোল, জোভানসহ অন্যরা
২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নাফিজা জাহান। একই বছর সালাহউদ্দিন লাভলুর ‘হোমিও রোমিও’ নাটকে অভিনয় করেন। এর কিছুদিন পর শুভ্র খানের ‘সাদা রঙের স্বপ্ন’ ধারাবাহিকে কাজ করেন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’, ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা যায় এই অভিনেত্রীকে।
নাফিজা জাহান
অভিনয় ক্যারিয়ারের ভালো সময় ফেলে ২০১৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাফিজা জাহান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক প্রবাসীর সঙ্গে সংসার পাতেন। তবে এ সংসার বেশিদিন টেকেনি। ২০২১ সালের নভেম্বরে নিউ ইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। বিয়ের সাড়ে ৪ বছরের মাথায় এ দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি।
