গরুর মাংস বিতর্কে আইনি পদক্ষেপ নিলেন বিশ্বজিৎ চক্রবর্তী


বাংলাদেশে এসে গরুর মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশের পর তুমুল বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় বাংলা সিনেমা ও টেলিভিশনের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা কটূক্তি, ট্রল এমনকি হুমকিও দেওয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি বাংলাদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্বজিৎ। সেখানে এক সাক্ষাৎকারে বাংলাদেশের খাবার নিয়ে কথা বলতে গিয়ে তার পছন্দের তালিকায় গরুর মাংস ও ইলিশ মাছের নাম উল্লেখ করেন তিনি। বাংলাদেশে এসে এসব খাবার খাওয়ার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে অভিনেতা জানিয়েছিলেন, সেদিন দুপুরে হোটেলে মাছ-ভাত খেয়েছেন এবং রাতে গরুর মাংস খাওয়ার আশা করছেন। পরদিন ইলিশ মাছ খাওয়ার কথাও বলেন তিনি।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। বিশেষ করে হিন্দু ব্রাহ্মণ পরিচয়ের একজন ব্যক্তি প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলায় নেটিজেনদের একাংশ তাকে আক্রমণাত্মক মন্তব্য করেন। কেউ কেউ কলকাতায় ফিরলে তাকে ডিম ছোড়ার হুমকিও দেন। আবার অনেকে তার খাদ্যাভ্যাসের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন।

সমালোচনার জবাবে বিশ্বজিৎ চক্রবর্তী নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী হয়েও গরুর মাংস খাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার পেট, আমার মন, আমার হাত, আবার যে খাবার খাব তার জন্য যে টাকা খরচ হবে- সেটাও তো আমারই! তাহলে আমি কী খাব, আর কতটা খাব, সেটা অন্য কেউ ঠিক করে দেবে? বললেই হলো নাকি?”

বাংলাদেশ সফর নিয়েও এশিয়া পোস্টকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা। প্রথম দিকে তার সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার কথা ছড়ালেও বিশ্বজিৎ জানিয়েছেন, শুটিং নয়, এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি বাংলাদেশে এসেছিলেন। ৪ সেপ্টেম্বর বাংলাদেশে গিয়ে ৫ সেপ্টেম্বরই কলকাতায় ফিরে যান তিনি। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলেও জানান এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও হুমকির প্রসঙ্গে বিশ্বজিৎ জানান, তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বিতর্কের মধ্যে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের কয়েকজন শিল্পী। অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও মানসী সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজিৎকে নিয়ে আপত্তিকর পোস্টের প্রতিবাদ জানিয়েছেন।

বিশ্বজিৎ চক্রবর্তী বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ। ১৯৯৩ সালে অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শূন্য থেকে শুরু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক। পরে ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বাই বাই ব্যাংকক’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’ ও ‘রাজকাহিনি’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘ও মোর দরদিয়া’, ‘তারে ধরি ধরি মনে করি’ ও ‘জোয়ার ভাঁটা’সহ বিভিন্ন টিভি ধারাবাহিকেও তাকে দেখা যাচ্ছে।


বাংলাদেশ জার্নাল/জে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *