স্ত্রীকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর
প্রকাশিত: ২২:৫৪, ২ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৫৬, ২ আগস্ট ২০২৬
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত জসিম শেখ
নড়াইলের লোহাগড়ায় জেসমিন বেগম (৩২) নামের এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত জসিম শেখ লোহাগড়া থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। জেসমিন বেগম একই গ্রামের ছিদ্দিক রহমানের মেয়ে; জসিম শেখ মমরেজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেসমিন পরকীয়া করছেন—এমন অভিযোগ তুলে দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জসিম শেখ হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় জেসমিন বেগমের মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিয় কুমার রায় বলেন, স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন জসিম শেখ। পরে খবর পেয়েছি, জেসমিন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/শরিফুল/রাজীব

