চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ তিন ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করছে বলে জানান মিজানুর রহমান। তিনি বলেন, গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।
মিজানুর রহমান বলেন, আগস্ট মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হবে। ইতিমধ্যে ৪ কার্গো এলএনজি দেশে পৌঁছেছে। বাকিগুলো এ মাসেই চলে আসবে। আমদানি করা ৯ কার্গোতে মোট এলএনজির পরিমাণ রয়েছে ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।
পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১ কার্গো, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫ কার্গো ও স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনা হয়েছে।
চলতি মাসের বাকি চালানগুলো (৫ কার্গো এলএনজি) ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে আসবে বলে পেট্রোবাংলা সূত্র জানিয়েছে।
