কোনাবাড়ীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
প্রকাশিত: ২২:১৪, ১৭ আগস্ট ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) ভোররাতে গাজীপুরের কোনাবাড়ী পারিজাত এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ রোকেয়া (২৪) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিয়াগুনি গ্রামের তারা মিয়ার মেয়ে। তিনি কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় স্বামী আরিফের (২৭) সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোকেয়া ও আরিফের মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। রবিবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় রোকেয়াকে শ্বাসরোধে হত্যা করেন আরিফ। এরপর তিনি বাসা থেকে চলে যান।
মধ্যরাতে পাশের কক্ষের বাসিন্দারা রোকেয়া ও আরিফের ঘরের দরজা খোলা দেখতে পান। বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক মনে হলে তারা ভেতরে প্রবেশ করেন। সেখানে বিছানার ওপর রোকেয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, প্রাথমিকভাবে রোকেয়ার স্বামী আরিফের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ঢাকা/রফিক/রাজীব

