বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই কার্ড চালুর বিষয়টি চূড়ান্ত করা হবে। এতে ভূমি, সাবরেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি সেবায় প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক হয়েছে বলে জানান তিনি।
প্রবাসীদের সন্তানদের শিক্ষার জন্য ঋণের সীমা বাড়ানোর উদ্যোগের কথা জানান আরিফুল হক চৌধুরী। প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে এই ঋণের পরিমাণ ৩ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার কথা বলেন তিনি।
দক্ষ কর্মী তৈরিতে দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তাঁর মতে, শুধু ভবন থাকলেই হবে না, দক্ষ প্রশিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে হবে।
কিছু দেশের অর্থায়ন ও প্রশিক্ষক সহায়তা নেওয়ার উদ্যোগের কথা জানান আরিফুল হক চৌধুরী। কাতার বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক ও অর্থায়ন দেওয়ার আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি।
