খুলনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ‘শুটার ভেলু’ গ্রেপ্তার
প্রকাশিত: ১৪:০০, ১৮ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
খুলনায় পুলিশের এক বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজাগুলিসহ মো. আল আমিন হাওলাদার ভেলু (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে খুলনা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ভেলু কুখ্যাত ‘গ্রেনেড বাবু’ গ্রুপের একজন সক্রিয় শুটার।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে নগরীর সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ রোডস্থ ‘আমেনা মঞ্জিল’ নামক একটি বাড়ির নিচতলার কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ওই কক্ষের সানসেটের ওপর থেকে ১টি পাইপ গান ও ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আল আমিন হাওলাদার ভেলু নগরীর বানিয়াখামারের বিকে মেইন রোড এলাকার আকব্বার হাওলাদারের ছেলে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত ভেলু ঢাকার শাহাবাগ থানা এলাকায় শহীদ মিনারের সামনের সংঘটিত জোড়া খুনের মামলার ১৬৪ ধারার জবানবন্দির পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় একাধিক মামলা রয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ভেলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকা/নুরুজ্জামান/ফিরোজ

