ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে বিষপানে যুবকের মৃত্যু
ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রেমিকার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপানে তানভীর নামে ১৯ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তাঁর বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। বিকেলে তিনি তাঁর প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর সংবাদ পান।
এ খবর শুনে শোক সামলাতে না পেরে বিকেল আনুমানিক ৪টার দিকে তানভীর বিষপান করেন। পরে ঘরের ভেতরে ঢুকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি জানতে পেরে তাঁর বোন ও মা ছালেহা বেগম দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানান এবং কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর এজাহার জমা দেন।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঘটনার পর নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এনএম
