বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে তেলের দাম।
বুধবার (১৯ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ৮৫.৩১ ডলার হয়েছে।
এর আগে মঙ্গলবারও তেলের দাম বেড়ে ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাওয়ায় তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্য বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।
বিনিয়োগকারীরা এখন দুই দেশের বক্তব্য বিশ্লেষণ করছেন এবং সংঘাতের কারণে তেল সরবরাহে কোনো বড় ধরনের বাধা তৈরি হয় কি না, তা পর্যবেক্ষণ করছেন।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ। ফলে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
এ কারণেই যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির প্রতিটি নতুন তথ্যের প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
