মৃত ব্যক্তিকে ফুলগাজী ছাত্রদলের সহ-সভাপতি, সমালোচনার পর সংশোধন
ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রদলের নবাগত কমিটিতে তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে সহ-সভাপতি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হলে তড়িঘড়ি করে কমিটি সংশোধন করে জেলা ছাত্রদল।
গত ১৭ আগস্ট ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফুলগাজী উপজেলা ছাত্রদলের ৩২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ইউসুফকে সভাপতি ও কাজী আবদুল আলীম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটি প্রকাশের পর দেখা যায়, ৫ নম্বর সহ-সভাপতি হিসেবে সামছুল হুদা মজুমদার নামের এক ব্যক্তির নাম রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, শামসুল হুদা মজুমদার ২০২৩ সালের ৬ নভেম্বর প্রায় ৭২ বছর বয়সে মারা যান। অথচ তার মৃত্যুর প্রায় তিন বছর পর ২০২৬ সালের ১৭ আগস্ট ঘোষিত ছাত্রদলের উপজেলা কমিটিতে তাকে সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে-মৃত একজন ব্যক্তি কীভাবে একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের বর্তমান কমিটিতে পদ পেলেন। এক সময়ের একজন প্রবীণ ব্যক্তির নাম ছাত্রসংগঠনের নির্বাহী কমিটিতে আসায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে হাস্যরসের সৃষ্টি হয়।
এছাড়া বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে মঙ্গলবার সন্ধ্যায় কমিটি সংশোধন করে সামছুল হুদা মজুমদারের জায়গায় তার ছেলে ফরহাদ হোসেনের (ফরহাদ উদ্দিন) নাম বসানো হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন জীবন, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিঠু, নুরুল আমিন আশিক, আবদুল মমিন খন্দকার শান্ত, এনামুল হক হৃদয়, সামছুল হুদা মজুমদার (সংশোধিত ফরহাদ উদ্দিন), জাকির হোসেন সুজন ও তারিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন জানান, ভুলবশত সহ-সভাপতি ফরহাদ উদ্দিনের নামের জায়গায় তার বাবা মরহুম শামছুল হুদা মজুমদারের নাম চলে এসেছিল। বিষয়টি নজরে আসার পরপরই আমরা ভুল সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/এএসএম
