ইবিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নিচতলায় এ কর্মসূচিতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ মেডিসিন ক্লাবের উদ্যোগে এবং ইবির স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, গ্রিন ভয়েস ও তারুণ্যের সহায়তায় কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন, ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামানসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে তাঁরা মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
কর্মসূচির মাধ্যমে চর্ম, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, রক্তের শর্করা বা সুগার পরীক্ষা, সাধারণ শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ও উপ-উপাচার্যের রক্তচাপও মেপে দেখা হয়।
মেডিসিন ক্লাবের সদস্য ডা. হাসান হোসেন বলেন, “মূলত আমাদের মেডিসিন ক্লাব ব্লাড নিয়ে কাজ করে। সম্প্রতি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ায় সেখানে রক্তের চাহিদা ব্যাপক বেড়েছে। জরুরি মূহুর্তে অনেক অসহায় রোগীর ব্লাড দরকার হয়। এক্ষেত্রে ব্লাড নিয়ে আমরা খুব ভ্যাকেন্সি ফিল করতেছি। আজকের কর্মসূচি যা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান বলেন, “এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো চিকিৎসাপ্রত্যাশী অসহায় রোগীদের জীবন বাঁচাতে রক্তদানের মাধ্যমে সহায়তা করা। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবতার সেবায় এগিয়ে আসবে, দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা-মননের সংযোগ ঘটাবে।” এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি ইবি শিক্ষার্থীদের মধ্যেও একটি টিম গঠন করার পরামর্শ দেন উপাচার্য।
