রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দ্রৌপদী মুর্মুর অভিনন্দন
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর শুক্রবার (২১ আগস্ট) লেখা অভিনন্দন বার্তায় দুই দেশের অংশীদারত্ব জোরদারে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথা বলেছেন তিনি।
অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। রাজনৈতিক জীবন ও নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতার পথ ধরে বাংলাদেশের জনগণের জন্য একটি সফল পর্বের সূচনা এর মাধ্যমে ঘটছে বলে আমার বিশ্বাস। ভারত ও বাংলাদেশের রয়েছে অনন্য এক সম্পর্ক, যার মূলে আছে অভিন্ন আত্মত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সংযোগ এবং বন্ধুত্বের উষ্ণ বন্ধন। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব সমাজ, স্বাস্থ্য এবং শিক্ষাসহ বিভিন্ন খাতেও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত বেড়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারত্বকে আরও জোরদারের জন্য আমি আপনার সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি।
বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও মঙ্গলের পাশাপাশি দায়িত্ব পালনে সফলতার জন্যও শুভকামনা জানান ভারতের রাষ্ট্রপতি। একইসঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জার্নাল/সিএম
