ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইউসুফ আলী (৪৫) নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২১ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নির্যাতিত ওই স্কুলছাত্রীর মা। অভিযুক্ত ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি রংপুরের ‘নিউ রূপসী বাংলা ক্লিনিক’-এর পরিচালক।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ক্লিনিকে প্রতিবেশী এক পোশাকশ্রমিক ও তার পরিবারের সদস্যদের চিকিৎসার সুবাদে তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন ইউসুফ আলী। ওই পরিবারের নারীদের ওপর লোলুপ দৃষ্টি পড়ে তার। সেই পোশাকশ্রমিক কাজের সুবাদে ঢাকায় অবস্থান করায় সন্তানদের নিয়ে বাড়িতে বাস করছেন স্কুলছাত্রীর মা। গত বৃহস্পতিবার ওই বাড়ির এক শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার মা ও খালা লালমনিরহাট সদর হাসপাতালে যান। ফলে, বাড়িতে একা ছিল অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী। এ সুযোগ নিয়ে বৃহস্পতিবার দুপুরে তার মায়ের ফোন নম্বর নেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করেন ইউসুফ আলী। এর পর বাড়ির গেট ও রুমের দরজা বন্ধ করে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে মেরে ফেলার হুমকি দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান ইউসুফ।

পরে স্কুলছাত্রীর অসুস্থতা বাড়লে সে মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

মামলার বাদী ওই স্কুলছাত্রীর মা সাংবাদিকদের বলেছেন, “আমার নিষ্পাপ মেয়ের জীবন যে নষ্ট করেছে, আমি তার ফাঁসি চাই। আমরা গরিব মানুষ। আসামিরা প্রভাবশালী, তারা নাকি টাকা দিয়ে সব কিনে ফেলেছে। তাই, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমি টাকার অভাবে অসুস্থ মেয়ের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধও কিনতে পারছি না।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানিয়েছেন, বাদীর এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *