সুনামগঞ্জে মসজিদে যাওয়ার পথে দুজন গুলিবিদ্ধ


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড় এলাকায় শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে পূর্বশত্রুতার জের ধরে দুজনকে গুলি করা হয়েছে। 

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—শাহারপাড়া-নারাইনপুর এলাকার বাসিন্দা আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাত্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিনেদুপুরে এমন গোলাগুলির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বাড়তি নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “দুপুরে এ ঘটনা ঘটে। আমার পুলিশের টিম পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *