বাংলাদেশ–ভারত সম্পর্ক কার্যকর রাখতে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
যেকোনো সম্পর্ক কার্যকর রাখতে হলে তা ‘পারস্পরিক স্বার্থের’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
জয়শঙ্কর শনিবার দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরামে বক্তব্য দেন। সেখানে বাংলাদেশ–ভারত সম্পর্ক ছাড়াও পাকিস্তানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার দাবির বিষয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘আমি আপনাকে যা বলতে পারি তা হলো, যেকোনো সম্পর্ক কার্যকর হতে হলে তাকে “পারস্পরিক স্বার্থের” পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সম্পর্কটি আমাদের জন্যও কল্যাণকর হতে হবে।’
