কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি, ১০০ বস্তা উদ্ধার


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসি ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। সার না পাওয়ার অভিযোগে একদল কৃষক ওই এলাকার শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে ঢুকে গুদাম থেকে সার নিয়ে যান। পরে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষি ও প্রশাসনের কর্মকর্তারা।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ওই গুদামে ৩৪২ বস্তা সার ছিল। এর মধ্যে ২০২ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা পটাশ নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতায় রাত ৯টা পর্যন্ত ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

সার লুটের ঘটনায় সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও সদস্যসচিব উপজেলা কৃষি কর্মকর্তা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, লুট হওয়া ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। সার ডিলারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে পাশের ইউনিয়ন থেকেও সার এনে দেওয়া হবে। তবে এভাবে গুদাম থেকে সার নিয়ে যাওয়া কাম্য নয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, কৃষকরা সার নিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সার উদ্ধারে অভিযান চলছে।

রোকনুজ্জামান মানু/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *