নোয়াখালীতে দুর্গম চরে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন


নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ভোটারবিহীন দুর্গম ও বিচ্ছিন্ন চরবালুয়া দ্বীপে স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ভোটাররা।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে নূর মদিনা নূরানী মাদ্রাসার সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন চর এলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাঈল হোসেন তোতা, চর এলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মায়া আক্তার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আমিন উল্যাহ, সাবেক ইউপি সদস্য সিরাজ আলম, রানী আক্তার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইউসূফ, স্থানীয় বাসিন্দা ইব্রাহিম তোতা ও জাহানারা বেগম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯২ সালে চর এলাহী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার পর থেকে ৫ নম্বর ওয়ার্ডের ভোটাররা ওমর ফারুক দারুল উলুম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। ২০০২ সালের দিকে নদীভাঙনে ওই মাদ্রাসাটি বিলীন হয়ে গেলে ভোটকেন্দ্রটি নূর মদিনা নূরানী মাদ্রাসায় স্থানান্তর করা হয়। সাম্প্রতিক নদীভাঙনে নূর মদিনা নূরানী মাদ্রাসাটিও ক্ষতিগ্রস্ত হয়ে বিলীন হলে স্থানীয়রা চাঁদা তুলে মাদ্রাসাটি পুনর্নির্মাণ করেন।

বক্তারা দাবি করেন, ৫ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৬২ জন। এর মধ্যে বামনী নদীর মোহনার পশ্চিম পাশে চর এলাহী এলাকায় ১ হাজার ৮৬২ জন এবং নদীর পূর্ব পাশে চর লেংটার আংশিক এলাকায় প্রায় ২০০ জন ভোটার বসবাস করেন।

তাদের অভিযোগ, সাম্প্রতিক নদীভাঙনে নূর মদিনা নূরানী মাদ্রাসাটি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগে স্থানীয় একটি চক্র বৃহৎ অংশের ভোটারের কথা বিবেচনা না করে মাত্র ২০০ ভোটারের জন্য ভোটারবিহীন দুর্গম ও বিচ্ছিন্ন চরবালুয়া দ্বীপে ভোটকেন্দ্র স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে আবেদনও করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চরবালুয়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। সেখানে মাত্র ২০০ ভোটারের জন্য ভোটকেন্দ্র স্থানান্তর করা হলে কেন্দ্র দখলসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে। নদী পার হয়ে দুর্গম ওই চরে ভোট দিতে যেতে নিরাপত্তাহীনতায় ভুগবেন নদীর এপাড়ের শত শত নারী-পুরুষ ভোটার। ফলে অনেকেই ভোটকেন্দ্রে না যাওয়ার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

তারা বর্তমান ভোটারদের বসবাসের স্থান ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র আগের এলাকা চর এলাহীতে রাখার দাবি জানান। একই সঙ্গে ভোটকেন্দ্র স্থানান্তরের উদ্যোগ বন্ধ করে স্থানীয় ভোটারদের সুবিধাজনক ও নিরাপদ স্থান নূর মদিনা নূরানী মাদ্রাসায় কেন্দ্র নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

কর্মসূচি শেষে স্থানীয় ভোটাররা ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *