সাগরে ট্রলারডুবি, ১৬ জেলে জীবিত উদ্ধার


বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার একটি ট্রলার ডুবে গেছে। তবে পাশের আরেকটি ট্রলারের জেলেদের তৎপরতায় ট্রলারে থাকা ১৬ জন জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। রোববার (২৩ আগস্ট) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা থেকে এক সপ্তাহ আগে ১৬ জন জেলে রাইসা মনি নামে ওই ট্রলারটি নিয়ে সাগরে মাছ শিকার করতে যান। শনিবার সাগরের আবহাওয়া খারাপ হয়ে উত্তাল হয়ে উঠলে জেলেরা ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেন। মহিপুর উপকূলসংলগ্ন সাগরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের চাপে ট্রলারের পেছনের অংশের তলা ফেটে যায়। এতে দ্রুত ট্রলারের ভেতরে পানি ঢুকে সেটি ডুবে যায়।

এসময় আশপাশে থাকা একটি মাছ ধরার ট্রলারের জেলেরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৬ জেলেকেই পর্যায়ক্রমে উদ্ধার করেন। পরে তারা ওই ট্রলারে নিরাপদে অবস্থান নেন। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনো উপকূলে ফিরে আসেননি।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে বলেন, সমুদ্র উত্তাল থাকায় গতকাল থেকেই বেশ কিছু ট্রলার নিরাপদে উপকূলে ফিরতে শুরু করেছে। আর ডুবে যাওয়া ট্রলারটিও ফেরার পথে ডুবে যায়। তবে ডুবে যাওয়া ট্রলাটির সব জেলেই নিরাপদে আছেন। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটিকে শনাক্তের পর উপকূলে টেনে নিয়ে আসা হচ্ছে।

নুরুল আহাদ অনিক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *