তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ


বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে ফেডারেল রিজার্ভের পরবর্তী ইঙ্গিতের অপেক্ষায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় মূল্যবান ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে দাম ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম ৫ শতাংশেরও বেশি বেড়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়।

মার্কিন ডলারও কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দীর্ঘমেয়াদি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ডলারের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণত দুর্বল ডলার অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণকে তুলনামূলক সস্তা করে তোলে। এতে স্বর্ণের চাহিদা বাড়ে এবং দামও ঊর্ধ্বমুখী হয়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, সপ্তাহের শুরুতেই স্বর্ণের বাজার আবার শক্তিশালী অবস্থানে ফিরেছে। দুর্বল ডলারের পাশাপাশি উচ্চ বন্ড ফলন অর্থনীতির অন্তর্নিহিত চাপ ও নীতিগত অনিশ্চয়তার কী ইঙ্গিত দিচ্ছে, সেটিও বিনিয়োগকারীদের নজরে রয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, ফেড চেয়ারম্যান সুদের হার নিয়ে সতর্ক ও নমনীয় অবস্থানের ইঙ্গিত দিলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। কারণ সুদের হার কমার সম্ভাবনা বাড়লে সাধারণত কোনো সুদ না দেওয়া সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পায়।

এদিকে ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা শক্তিশালী রয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে রয়েছে। প্লাটিনামের দাম ০.১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলার। অন্যদিকে প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে অবস্থান করছে।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *