রেললাইনের পাশে টেম্পো, ধাক্কায় খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা
কক্সবাজারের পথে ছুটছিল পর্যটক এক্সপ্রেস। ট্রেনের ভেতরে স্বাভাবিকভাবেই চলছিল যাত্রা। কেউ জানালার বাইরে তাকিয়ে, কেউবা গন্তব্যের কথা ভাবছিলেন। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে ট্রেন। মুহূর্তের মধ্যেই খুলে পড়ে একটি দরজা। ছড়িয়ে পড়ে আতঙ্ক।
সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের নতুন থানার কার্যালয়ের সামনে ঘটে এ ঘটনা।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ছেড়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি। রেললাইনের একেবারে পাশে পার্ক করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ট্রেনটির ঘর্ষণ হলে টেম্পোটির একাংশ ভেঙে যায়। একই সঙ্গে ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। একটি দরজা খুলে পড়ে যায়।
আকস্মিক এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোট শিশুকে নিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে তৈরি হয় আরও বেশি উদ্বেগ। এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়।
কিছুক্ষণ আগেও যে ট্রেনের ভেতর ছিল স্বাভাবিক যাত্রার পরিবেশ, মুহূর্তেই সেখানে তৈরি হয় উৎকণ্ঠা। দরজা খুলে পড়ার ঘটনায় যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, ঘর্ষণের ঘটনায় ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী সিএনজিচালিত টেম্পো এবং ট্রেন থেকে খুলে পড়া দরজাটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম বলেন, রেললাইনের পাশে যানবাহন পার্ক করে রাখার কারণে ওই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে।
এমআরএএইচ/এমআইএইচএস/
