ভারত নয় এশিয়া কাপের সেমিতে পাকিস্তানকে পেলে খুশি জ্যোতি


এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের প্রস্তুতি এবার বেশ ভালো হয়েছে বলে মনে করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কায় মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে নিয়েছে দল। এবার আগের আসরগুলোর মতো সেমিফাইনাল থেকে বিদায় না নিয়ে ফাইনালে ওঠাই বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জ্যোতি।

নারী এশিয়া কাপের ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বিসিবির নারী ক্রিকেটের প্রধান রফিকুল ইসলাম বাবু।

সেখানে প্রস্তুতি নিয়ে জ্যোতি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। কারণ আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ এবার খেলেছি। শ্রীলঙ্কায় যেহেতু সবগুলো গেম, আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচও খেলেছি এই জায়গায়। এবার আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ে চলে আসি। বারবার এই জিনিসটাই হচ্ছে, আমরা এই বাধাটা এবার ভাঙতে চাই।’

এশিয়া কাপে বাংলাদেশের শিরোপা জয়ের অভিজ্ঞতা থাকলেও সবশেষ আসরে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে। এবার ধাপে ধাপে এগিয়ে ফাইনাল নিশ্চিত করতে চান জ্যোতি।

তিনি বলেন, ‘সবশেষ আসরে আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে আমরা সেমিফাইনালে ভারতের সাথে পড়েছিলাম। সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না। আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে। ফাইনাল খেললে তখন একটা শিরোপা জয়ের বিষয় থাকে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি। দল হিসেবে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে, স্পেশালি যদি টপ অর্ডার ভালো ব্যাটিং করতে পারে এই টুর্নামেন্টে, আমার মনে হয় আমাদের একটা ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার।’

এশিয়ান গেমসেও পদক জয়ের লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। জ্যোতি মনে করেন, এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করতে পারলে সেটির ইতিবাচক প্রভাব পড়বে এশিয়ান গেমসেও।

তিনি বলেন, ‘এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। লাস্ট টাইম আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে। এসএ গেমসে যেয়ে হয়তোবা আমরা ব্রোঞ্জ পেয়েছি যেটা চায়নায় খেলেছি। আমাদের টিমের পক্ষ থেকে অনেক প্রত্যাশা আছে মানুষের। একটা মেডেল যেন আমরা নিয়ে আসতে পারি এবং সেটা যদি গোল্ড হয় সেটা আরও বেশি বড় হবে। আমাদের চেষ্টা তো থাকবেই। কন্ডিশনের সাথে মানিয়ে যদি আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, দুটো টুর্নামেন্টেই আমাদের ভালো করার একটা সম্ভাবনা থাকবে।’

এশিয়া কাপের গ্রুপ পর্বকেও বেশ গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। কারণ গ্রুপে ভালো করতে পারলে সেমিফাইনালে ভারতের মতো কঠিন প্রতিপক্ষকে এড়ানোর সুযোগ থাকবে।

জ্যোতি বলেন, ‘গ্রুপ পর্বের খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন আপনি এই গ্রুপে ভালো খেলবেন, যদি গ্রুপ পর্বে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, সে ক্ষেত্রে ইন্ডিয়াকে ফেস করতে হবে না সেমিফাইনালে। ভারতের সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, আমাদের জন্য বেটার হবে ফাইনালে খেলা।’

তিনি আরো বলেন, ‘শ্রীলঙ্কাকে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি। এটা আমাদের জন্য ভালো একটা অর্জন হবে। এশিয়া কাপটা যদি আমরা বেটার ওয়েতে খেলি, সেটা এশিয়ান গেমসেও একটা বড় সুযোগ তৈরি হবে। মেয়েরা সবসময় চায় যেন একটা এক্সপোজার পায়। আমাদের যেহেতু এরকম একটা রেকর্ডও আছে যে আমরা এটা অর্জনও করেছি এশিয়া কাপে।’

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *