বুয়েটে ক্লাস চলাকালীন লোডশেডিং হবে না
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের কথা বিবেচনা করে ক্লাস চলাকালীন সময়ে কোনো ধরনের লোডশেডিং না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বুয়েটের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ স্বল্পতার কারণে বুয়েট কর্তৃপক্ষের সঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সকাল ৮:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত বুয়েট এলাকায় ডিপিডিসি কোনো লোডশেডিং দেবে না।
তবে, নির্ধারিত সময়ের বাইরে অন্যান্য সময়ে লোডশেডিং হতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। সে ক্ষেত্রে বুয়েটের নিজস্ব পাওয়ার প্ল্যান্টে গ্যাসের পর্যাপ্ত প্রেসার থাকা সাপেক্ষে জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
একইসঙ্গে, এ বিষয়ে ইতিপূর্বে ২৩ আগস্ট প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিটি (নং প্রপ্র/এন-০৮/২০২২/ই-২০৯(অ:)) বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে।
এর আগে গতকাল রবিবার (২৩ আগস্ট) দিনে ৫ ঘন্টার লোডশেডিংয়ের সূচী রেখে নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত নোটিশে ক্লাস চলাকালীন সময়েও লোডশেডিং এর সূচি রাখা হয়।
তবে, ক্লাস চলাকালীন সময়ের বাইরে লোডশেডিং পাঁচ ঘন্টার বেশি হবে নাকি কম হবে এ ব্যাপারে কোন তথ্য দেওয়া হয়নি।
