বেশি দামে সার বিক্রি: ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা


চাঁপাইনবাবগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ৪১০ বস্তা সার মজুত রাখার অপরাধে এক খুচরা সার বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় জেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান জানান, ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মজুত করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. নুর আলমকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় গুদামে মজুত থাকা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়। যা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের উপস্থিতিতে কৃষক পর্যায়ে সরকারি মূল্যে বিক্রয় করা হবে এবং সার বিক্রির টাকা ডিলারের পরিবারের হাতে বুঝিয়ে দেওয়া হবে। 

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং কৃষকের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *