‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম প্যাট্রল দেখছি’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। অভিনয়ের খবরের বাইরে তাঁর বিভিন্ন পোস্টে উঠে আসে সমসাময়িক নানা ঘটনা ও ইস্যুর প্রতীকী উপস্থাপন। একের পর এক সংঘাত, সহিংসতা ও বিদ্বেষের ঘটনায় নিজের বিরক্তি ও মন খারাপের কথা এবার জানালেন এই অভিনয়শিল্পী। আজ সোমবার নিজের ফেসবুকে মম লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম প্যাট্রল দেখতেছি!’ এই পোস্টের পর এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।
ফেসবুকে হঠাৎ এমন পোস্ট প্রসঙ্গে মম বলেন, সামাজিক মাধ্যমে ঢুকলেই এখন একের পর এক ঘটনার খবর চোখে পড়ছে। তাঁর মতে, ‘সামাজিক মাধ্যমে ঢুকলে দেখি, একটার পর একটা ঘটনা ঘটছেই—মারামারি, হানাহানি, বিদ্বেষ—কী না হচ্ছে। এসব দেখে মন খারাপ হয়েছে। তা থেকেই এ রকম পোস্ট দেওয়া।’
মমের পোস্টে ‘ক্রাইম প্যাট্রল’-এর প্রসঙ্গ এসেছে মূলত সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত সামনে আসা অপরাধ ও সহিংসতার খবরের প্রতীকী অর্থে। অপরাধ, রহস্য ও বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে তৈরি জনপ্রিয় এই ক্রাইম সিরিজে একের পর এক অপরাধের ঘটনা ও তার নেপথ্যের গল্প উঠে আসে। মমের মতে, সামাজিক মাধ্যমের সাম্প্রতিক চিত্রও যেন অনেকটা তেমনই হয়ে উঠেছে।

কথা প্রসঙ্গে নিজের অবস্থান নিয়েও বলেন মম। তিনি বলেন, ‘আমার মতো আরও যারা পেশাজীবী, সাধারণ মানুষ, যারা নিতান্তই নিজেরটা করে, অনেক কায়দা করে বেঁচে থাকে—আমিও ও রকম আছি। সামাজিক মাধ্যমে ঢুকলে দেখি, একটার পর একটা ঘটনা ঘটছেই, মারামারি, হানাহানি, বিদ্বেষ—কী না হচ্ছে।’

এসব ঘটনায় নিজের খারাপ লাগার কথাও জানান অভিনয়শিল্পী মম। তিনি বলেন, ‘ফেসবুকে ঢোকার পর এসব ঘটনায় মন খারাপ হয়েছে। আমার তো আর কিছুই করার ক্ষমতা নেই। আমি তো সাধারণ একজন মানুষ। মানুষ তো কত দুঃখ-বেদনা লিখে রাখে, আমি ফেসবুকে সময়টা রাখলাম।’
