১০ রুপির নোট বাতিল করতে চায় পাকিস্তান, কারণ কী?
পাকিস্তানে ১০ রুপির নোট বাতিল করার কথা ভাবছে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)। নোটটি ছাপার খরচ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. ইনায়াত হুসেইন।
দেশটির সিনেটের অর্থবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে নতুন নোট নিয়ে আলোচনার সময় তিনি এ তথ্য জানান।
নতুন নোট চালু হলে ১০ রুপির নোট থাকবে না
ড. হুসেইন বলেন, ১০ রুপির নোট বাতিলের উদ্যোগ আগে দুইবার নেওয়া হয়েছিল। নতুন সিরিজের নোট বাজারে এলে এবার এই নোটটি তুলে দেওয়া হতে পারে।
তিনি জানান, বর্তমানে পাকিস্তানে যে নোটের সিরিজ চালু রয়েছে, সেটির ছাপা শুরু হয়েছিল ২০০৫ সালে।
নতুন নোটে আরও উন্নত নিরাপত্তাব্যবস্থা ও নিরাপত্তা সুতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ফেডারেল মন্ত্রিসভায় ইতোমধ্যে দুই দফা আলোচনা হয়েছে।
নতুন নোটে কী পরিবর্তন আসছে?
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন নোটের নকশায় কিছু পরিবর্তন আনার জন্য মন্ত্রিসভা একটি কমিটি গঠন করেছে।
তবে কমিটির চেয়ারম্যান সিনেটর সেলিম মান্ডভিওয়ালা নকশা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, কোনো ধরনের প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই একই পরামর্শকের প্রতিষ্ঠানের সঙ্গে নোটের নকশার চুক্তি করা হয়েছে।
তিনি বলেন, এসবিপি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
কবে বাজারে আসতে পারে নতুন নোট?
ডেপুটি গভর্নর জানান, নতুন নোটের নকশা বর্তমানে ফেডারেল মন্ত্রিসভার একটি উপকমিটি পর্যালোচনা করছে। নকশায় মন্ত্রিসভা বেশ কিছু পরিবর্তনও এনেছে।
এসব পরিবর্তন চূড়ান্ত হওয়ার পরই নতুন নোট বাজারে ছাড়া হবে। প্রস্তাবিত নকশা এক বছর আগে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিল SBP।
২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানের মন্ত্রিসভাকে জানানো হয়েছিল, নতুন সিরিজে ১০০, ৫০০, ১ হাজার ও ৫ হাজার রুপির নোট চালুর পরিকল্পনা রয়েছে।
এসবিপির আরেক ডেপুটি গভর্নর সেলিমুল্লাহ জানিয়েছিলেন, নতুন নোটগুলো ২০২৬ সালের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে বাজারে আসতে পারে।
তবে ১০ রুপির নোট বাতিলের বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; নতুন নোট চালুর সময় এটি বাতিল করা হতে পারে।
সূত্র: জিও নিউজ
এমএসএম
