পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫
প্রকাশিত: ২২:৩৫, ২৬ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে আইয়ুব খান হালচাষের টাকা পেতেন। সকালে ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

