বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
বগুড়ার এরুলিয়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের বাসের চাপায় সাত দিনমজুর নিহতের ঘটনার প্রধান আসামি বাসচালক মো. নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নেছারুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ আগস্ট সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির এসি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পর মোট সাতজনের মৃত্যু হয়। আহত হন ১৪ জন।
ঘটনার পরপরই চালক বাস রেখে পালিয়ে যান। এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতপরিচয় আসামি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়। ঘটনার পর থেকে পলাতক চালককে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
গোপন তথ্যেরে ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
