অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো!


ফুটবল থেকে অবসর নেওয়ার প্রায় এক দশক পর আবারও পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি এই তারকা।

বৃহস্পতিবার রাভেনায় ছিল রোনালদিনহোময় একটা দিন। প্রায় ৬ হাজার দর্শকের সামনে সমুদ্রতীরের জমকালো আয়োজনে নতুন ক্লাবের ১০ নম্বর জার্সিতে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বৃষ্টি উপেক্ষা করে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। গত জুনে রাভেনায় যোগ দেওয়ার ঘোষণা দিয়ে তাই ফুটবলবিশ্বেই চমক তৈরি করেন তিনি। তবে কবে আবার প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে তাঁকে, সেটি এখনও অনিশ্চিত। রাভেনার মৌসুমের প্রথম সিরি ‘সি’ ম্যাচে সোমবার খেলছেন না রোনালদিনহো।

মাঠে ফেরার প্রস্তুতি কেমন, জানতে চাইলে হাসতে হাসতে রোনালদিনহো বলেন, ‘আমি ভালো আছি। জানি না (কবে খেলবেন), এটা সভাপতি ও কোচের ওপর নির্ভর করছে। আমি জানি না।’

রাভেনার সভাপতি ইগ্নাজিও চিপ্রিয়ানির অবশ্য আরও বড় স্বপ্ন। তিনি চান, রোনালদিনহোর ক্যারিয়ারের শেষ গোলটি যেন রাভেনার জার্সিতেই আসে। কিংবদন্তির আপত্তি নেই সেই স্বপ্নে। রোনালদিনহো বলেন, ‘এটা হলে আরও ভালো, তাই না? আমরা যে বন্ধুত্বের সম্পর্কের কারণে এখানে এসেছি, সেটাই আসল। এখন দেখা যাক দল কেমন করে… আমি সাহায্য করতে এখানে এসেছি।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *