আমি আমার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বউ: দীপ্তি চৌধুরী
‘আমি আমার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বউ!’ বলে জোরালো মন্তব্য করেছেন টিভি উপস্থাপক দীপ্তি চৌধুরী। এ বিষয়ে ১৮ আগস্ট রাত ১০টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।
দীপ্তি চৌধুরী লিখেছেন, ‘আমি আমার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বউ! আমার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, ভবিষ্যতে আর কোনো বিয়ে করার স্বম্ভাবনাও তাঁর নেই।
আমার সাথে পরিচয়ের আগে তিনি বিবাগী বিজ্ঞানী হিসেবে জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সকল অতি পরিচিত, অল্প পরিচিত শুভানুধ্যায়ীরা তাঁর বিয়ে দেওয়ার নানা রূপ চেষ্টা করে হাল ছেড়ে দিতে শুরু করেছিলেন।
আমি তাঁকে প্রেমের ফাঁদে ফেলে তাঁর বৃহৎ মহৎ চিন্তা জগতে ক্ষুদ্র সাংসারিক স্বপ্ন বুনে দেই। ফলে বেচারা বিয়ে নামক জালে স্বেচ্ছায় লাফাতে লাফাতে আটকে গেলেন। এখন পর্যন্ত নির্দিষ্ট কিছু মানুষের নানাবিধ কটুক্তি, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার, ট্রলিং আমার ভদ্রলোক স্বামীকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি।
লোকটা এত সুন্দর করে পৃথিবীটা দেখে—চারপাশের সকল ক্ষুদ্রতা যেন লজ্জায় তাঁর পায়ের নিচে লুটিয়ে পড়ে। লোকটার আসলে এলেম আছে। নইলে কি আর আমাকে বিয়ে করে বা আমি তাকে বিয়ে করি!’
এসইউ
