আসামি ধরতে যাওয়ায় হামলা, পুকুরে ফেলা হয় পুলিশ সদস্যকে


প্রকাশিত: ২২:৫৪, ২৮ আগস্ট ২০২৬  
আপডেট: ২২:৫৮, ২৮ আগস্ট ২০২৬


লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আসামি ধরতে যাওয়ায় হামলা, পুকুরে ফেলা হয় পুলিশ সদস্যকে


লালমনিরহাটের হাতীবান্ধায় ছাগল চুরির মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে। হামলায় আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস ইউনিয়নে পুলিশের ওপর এ হামলা হয়। এ ঘটনায় সুজন নামের এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আটক সুজন ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে পূর্ব নওদাবাস এলাকার বাসিন্দা জাকিরুল আলম লাইজু বাদী হয়ে ছাগল চুরির অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ফিরোজ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়।

শুক্রবার দুপুরে মামলার আসামি ফিরোজকে গ্রেপ্তারের উদ্দেশ্যে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে পূর্ব নওদাবাস এলাকায় অভিযানে যায়। অভিযানের বিষয়টি বুঝতে পেরে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হন এবং হামলা চালান। একপর্যায়ে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত সুজনকে আটক করে।

এ বিষয়ে হাতীবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানিয়েছেন, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সরকারি কাজে বাধা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *