ইরানের সঙ্গে আলোচনা শুরুর তাড়া নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে তার কোনো তাড়া নেই। বুধবার আল-জাজিরা অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, “আমার কোনো সময়সূচি নেই, একেবারেই নেই।”
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ তার সামরিক হামলার চেয়ে বেশি কার্যকর হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি দুটোই কার্যকর।”
ট্রাম্প আবারো দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বড় ব্যবধানে জিতছে’ এবং ইরানের অর্থনীতি ‘ভেঙে পড়ছে।’
তিনি বলেন, “ইরানে ব্যাপক মুদ্রাস্ফীতি হয়েছে, তাদের অর্থনীতি ভেঙে পড়ছে।”
ইরান দেশের ভেতরে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন,“ইরান তাদের জনগণের সঙ্গে খুব খারাপ আচরণ করছে, তারা বহু বিক্ষোভকারীকে হত্যা করছে।”
