ইরানের ৩ ট্যাংকারে মার্কিন হামলা
ইরানের তিনটি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন বাহিনীর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই অঞ্চলে তাদের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তারা পাল্টা এই হামল চালিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার জানিয়েছে, তারা খার্গ দ্বীপের কাছে একটি এবং হরমুজ প্রণালির কাছে আরেকটি ট্যাংকারকে ‘স্থায়ীভাবে অচল’ করে দিয়েছে এবং ওমান উপসাগরে তৃতীয়টিকে ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করেছে।
সেন্টকম জানিয়েছে, একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর চালানো একাধিক হামলা তারা ‘সফলভাবে এড়িয়ে গেছে।’ এতে কোনো মার্কিন সেনা আহত হয়নি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, খার্গ দ্বীপের উপকূলে তাদের একটি তেল ট্যাংকার মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, “আইআরজিসি-এর প্রতি বার্তাটি স্পষ্ট: যদি তোমরা আমাদের দুটি জাহাজে গুলি চালাও, তবে আমরা এর চেয়েও বড় অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব – তোমাদের তিনটি জাহাজ ধ্বংস করে দেব। আমরা মার্কিন বাহিনীকে রক্ষা করতে দ্বিধা করব না এবং প্রয়োজনে ইরানের সীমিত ও অরক্ষিত তেলবাহী নৌবহর ধ্বংস করে দেব “
যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে এক মাস ধরে তুলনামূলক শান্ত থাকার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পরেই এই হামলাগুলো চালানো হলো।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক হামলা চালায়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল, মার্কিন ঘাঁটি ও মিত্র রাষ্ট্রগুলোতে হামলা চালায় এবং কার্যত হরমুজ প্রণালি সামুদ্রিক যান চলাচলের জন্য বন্ধ করে দেয়।
