ইসরায়েলের বসতি স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, ব্রিটেনকে ‘কোনো একটি নীতি বা আদর্শের পক্ষে দৃঢ় অবস্থান নিতেই হতো।’ বুধবার পার্লামেন্টে তিনি এ কথা বলেছেন।
গত জুলাই মাস থেকে দায়িত্ব পালনরত বার্নহাম বলেন, মধ্যপ্রাচ্যে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’-এর নীতিকে ব্রিটেন দীর্ঘদিন ধরেই সমর্থন জানিয়ে আসছে; তবে কেবল কথার ওপর নির্ভর না করে এখন তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি বলেছেন, “নেতৃত্ব মানে হলো যেখানে অবিচার রয়েছে, যেখানে অন্যায় সংশোধন করা প্রয়োজন এবং যেখানে মানুষকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে—সেসব ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া। এই কঠিন ও বিপজ্জনক বিশ্বে ব্রিটেনকে কোনো একটি সুনির্দিষ্ট অবস্থানের পক্ষে দাঁড়াতে হবে।”
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানি নিষেধাজ্ঞার ঘোষণা দেন। বসতি-সংশ্লিষ্ট কোম্পানি ও ব্যক্তিদের লক্ষ্য করে নেওয়া অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ঘোষিত এই নিষেধাজ্ঞাটি ছিল গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলের বিষয়ে ব্রিটেনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন। বসতি সম্প্রসারণের বিষয়ে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ফ্রান্স ও কানাডার সাথে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর মতে, এই সম্প্রসারণ কার্যক্রম ১দ্বি-রাষ্ট্র সমাধান’ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে।
এই নিষেধাজ্ঞার ঘটনায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে তারা পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটেনের কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় এবং ১২ জন ব্রিটিশ নাগরিকের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করে।
