এমন বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়: শান্ত
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইয়ে মাত্র দেড় দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে ১-১ সমতায় শেষ হয়েছে সিরিজ।
তবে দীর্ঘ বিরতি শেষে অস্ট্রেলিয়ার মতো বিরুদ্ধ কন্ডিশনে খেলা সহজ নয়। সেই কথা স্বীকার করেছেন স্বয়ং নাজমুল হোসেন শান্ত, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি। এমন কন্ডিশনে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে এত বছর খেলা সহজ নয়। যদি আমরা নিয়মিত আসতে পারতাম তাহলে প্লেয়াররা মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারত। ৯০% প্লেয়ার এখানে আগে খেলেনি। ফলে তারা জানে না কীভাবে মানিয়ে নিয়ে এমন বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে হয়। আমরা চাই এমন কন্ডিশনে নিয়মিত খেলতে, ২৩ বছর বা ২৫ বছর পর পর নয়।’
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগবে সামনের দিনে। বিশেষ করে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত, ‘অনেক কিছুই। পেস এন্ড বাউন্স অনেক চ্যালেঞ্জ ছিল। এই অভিজ্ঞতা কাজে দিবে অবশ্যই। তাদের বোলিং আক্রমণ দারুণ মানসম্পন্ন ছিল। চেষ্টা করব উন্নতি করতে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে এই অভিজ্ঞতা কাজে দেবে।’
ম্যাচ হারলেও এই হার থেকে শেখারও আছে বলে মনে করেন শান্ত, ‘প্রথমবার দুই দিনে খেলা শেষ হয়েছে এরকম নয়। এখানে অনেকবারই এভাবে দুই বা তিন দিনে খেলা শেষ হয়েছে। এটা হতেই পারে। দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে যদি সামনে আগাতে চাই। ব্যাটিংয়ে আমাদের ঠিকভাবে আগাতে হবে কারণ বোলাররা ভালো করে যাচ্ছে। আমাদের আরও শিখতে হবে যে, কীভাবে ভালো ক্রিকেট খেলে যেতে পারি। এমন অভিজ্ঞতা আগেও হয়েছে আমাদের। এই অভিজ্ঞতা সামনে আগাতে কাজে দেবে।’
এসকেডি/আইএন
